ময়মনসিংহ মহানগর ছাত্র আন্দোলনের নেতাকে তুলে নেওয়ার অভিযোগ


নিজস্ব প্রতিবেদক:

ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে এক ছাত্রনেতাকে প্রকাশ্যে তুলে নেওয়ার চেষ্টা এবং পরে পুলিশ ফাঁড়িতে নিয়ে মানসিক চাপ প্রয়োগের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী আকাশ অভি, যিনি ময়মনসিংহ মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সমন্বয়ক, Red July Foundation Bangladesh–এর আহ্বায়ক এবং নেত্রকোনা সদর উপজেলা থেকে সম্ভাব্য এমপি প্রার্থী হিসেবে পরিচিত।

অভিযোগ অনুযায়ী, সম্প্রতি ময়মনসিংহ মহানগরের নতুন বাজার এলাকায় কয়েকজন পুলিশ ও সিভিল পোশাকে থাকা প্রশাসনের সদস্যরা তাকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করেন। স্থানীয় জনগণের উপস্থিতির কারণে তারা সরাসরি তাকে নিতে ব্যর্থ হলে “মাদক বিরোধী অভিযান” এর অজুহাত দেখিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করা হয়।

পরে তাকে জোর করে মোটরসাইকেলে তুলে একটি পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন আকাশ অভি। সেখানে তাকে দীর্ঘ সময় ধরে মানসিক চাপ, ভয়ভীতি ও বিভিন্ন কৌশলের মাধ্যমে মিথ্যা অভিযোগ স্বীকার করানোর চেষ্টা করা হয়। তিনি দাবি করেন, ছাত্র আন্দোলন ও এনসিপি (NCP)–র সঙ্গে জড়িত থাকার কারণেই তাকে টার্গেট করা হয়েছে।

ভুক্তভোগীর ভাষ্যমতে, তার বিরুদ্ধে কোনো অভিযোগ বা প্রমাণ উপস্থাপন করতে না পেরে পরবর্তীতে একটি কাগজে স্বাক্ষর নিয়ে এবং দুইজন সাক্ষী রেখে তাকে ছেড়ে দেওয়া হয়। একই সঙ্গে বিষয়টি নিয়ে বাইরে কোনো প্রতিবাদ বা অভিযোগ না করার শর্ত দেওয়া হয় বলেও তিনি অভিযোগ করেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আকাশ অভি বলেন, “আমি অন্যায়ের বিরুদ্ধে সত্যের পক্ষে আছি এবং থাকবো। আমাকে অন্যায়ভাবে ফাঁসানোর চেষ্টা করা হলেও আমি সত্যের পথ থেকে সরে দাঁড়াইনি।”

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। সচেতন মহল এ বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।


 






মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সাবেক ডিজিএফআই প্রধান শেখ মামুন খালেদ গ্রেপ্তার: ইলিয়াস আলী গুম নিয়ে নতুন তথ্য

ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা করলেন বাবা

নেত্রকোণায় মেয়র প্রার্থী রনি খানের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, আইনি পদক্ষেপের ঘোষণা